পাহাড়ে শান্তি ও উন্নয়নে ৩ কমিটি গঠনকে স্বাগত জানাল মারমা ঐক্য পরিষদ
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের ৩টি গুরুত্বপূর্ণ কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ। খাগড়াছড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে পাহাড়ি জনপদের দীর্ঘদিনের প্রত্যাশা ও অধিকার বাস্তবায়িত হবে।
খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। তাঁরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি এবং পরামর্শক কমিটি গঠনের সময়োপযোগী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা। তিনি বলেন, নবগঠিত তিনটি কমিটি পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে পাহাড়ি জনপদের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে এই কমিটিগুলো সহায়ক হবে বলে তাঁরা বিশ্বাস করেন।
মারমা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ পাহাড়ে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার তাগিদ দেন। সরকারের এই গঠনমূলক ও উন্নয়নমুখী কাজের সাথে সবসময় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুধাঅং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক থোয়াইলাপ্রু, জেলা মহিলা মারমা ঐক্য পরিষদের সভানেত্রী চাইঞাং মারমা এবং সদর উপজেলা সভাপতি মংখই মারমা প্রমুখ।
১৩১ বার পড়া হয়েছে