ফরিদপুরের সালথায় আধিপত্য নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তার এবং কুমার নদীতে বাঁশের সাঁকো দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া বলতলা ব্রিজ এলাকায় বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজারের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধে জড়িত রয়েছে বড়খারদিয়া গ্রামের মুশফিক বিল্লাহ জিহাদ এবং পার্শ্ববর্তী পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের সমর্থকেরা।
কুমার নদীতে একটি বাঁশের সাঁকো নির্মাণকে কেন্দ্র করে শনিবার বিকেলে দুই পক্ষের মধ্যে নতুন করে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রণক্ষেত্রে রূপ নেয়। বিকেলজুড়ে চলা দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে এলাকা থমথমে হয়ে ওঠে।
সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে।
১০৭ বার পড়া হয়েছে