সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নারী ও পুরুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে গ্রেপ্তার হওয়া এসব নাগরিক অবশেষে প্রশাসনের যৌথ উদ্যোগে নিজ ভূখণ্ডে ফিরে আসার সুযোগ পেলেন।
ফেরত আসা নাগরিকদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন। তারা ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, চাঁদপুর, নড়াইল ও বরগুনাসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধ বিষয়ক টাস্কফোর্সের যৌথ প্রচেষ্টায় তাঁদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
ভুক্তভোগীরা জানান, উন্নত জীবনের আশায় এবং বেকারত্ব দূর করতে দালালের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সময়ে অবৈধ পথে সীমান্ত পেরিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে যান। সেখানে কৃষি খামার ও ইটভাটায় কাজ করার সময় স্থানীয় পুলিশের হাতে গ্রেপ্তার হন তাঁরা। পরবর্তীতে আদালতের নির্দেশে সাজাভোগের পর তামিলনাড়ুর আতুর সালেম ও থিরুচিরাপ্পাল্লির সেফ হোমে তাদের রাখা হয়েছিল।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসা বাংলাদেশিদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর নামের দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে।
১১২ বার পড়া হয়েছে