ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা অপর এক আরোহী। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত প্রবাসী হৃদয় মুন্সীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। ছুটিতে চার মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে এসেছিলেন এবং শিগগিরই তাঁর প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল। তাঁর একটি কন্যাসন্তান রয়েছে। এ দুর্ঘটনায় আহত সাজ্জাদ (২৪) সিরাজদিখানের উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুরা মিলে মোটরসাইকেলযোগে মাওয়ায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী লেনে তাঁদের মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং নিহতের মরদেহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চালকদের গতিসীমা মেনে চলা ও হেলমেট ব্যবহারের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।
১০৭ বার পড়া হয়েছে