সর্বশেষ

জাতীয়

সিএনজি নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, কমছে চালকদের আয়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
গ্যাসের সংকটে রাজধানীর সিএনজি চালকদের দুর্ভোগ কমছে না। গ্যাস নিতে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাঁদের। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে দৈনিক আয়। আবার গাড়ির মালিককে নির্ধারিত দৈনিক জমার টাকা দিতে গিয়ে অনেক চালক আর্থিক চাপে পড়ছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কয়েকটি সিএনজি স্টেশন ঘুরে দীর্ঘ সারি ও চালকদের ভোগান্তির চিত্র দেখা গেছে। বিভিন্ন স্টেশনে গ্যাস নিতে বিপুলসংখ্যক সিএনজি অটোরিকশা অপেক্ষা করতে দেখা যায়।

চালকদের ভাষ্য, কোথাও গ্যাসের চাপ কম থাকায় ধীরগতিতে গাড়িতে গ্যাস দেওয়া হচ্ছে। ফলে একটি গাড়ির গ্যাস নিতে যে সময় লাগছে, তার পেছনে অপেক্ষমাণ অন্য গাড়িগুলোকেও দীর্ঘ সময় লাইনে থাকতে হচ্ছে। অনেক চালক কয়েক ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী গ্যাস পাচ্ছেন না।

চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাভাবিক সময়ে যে সময়টুকু রাস্তায় গাড়ি চালিয়ে আয় করার কথা, তার একটি বড় অংশ এখন গ্যাস সংগ্রহে চলে যাচ্ছে। কেউ কেউ দিনে দুই দফায় গ্যাস নিতে বাধ্য হচ্ছেন। একবার গ্যাস নেওয়ার পর কয়েক ঘণ্টা গাড়ি চালিয়ে আবার স্টেশনে ফিরে আসতে হচ্ছে। এতে যাত্রী পরিবহনের সময় কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে জ্বালানি সংগ্রহের ভোগান্তি।

মগবাজার এলাকার সিএনজি চালক ইমরুল বলেন, গ্যাসের জন্য প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও অনেক সময় কম পরিমাণে গ্যাস পাওয়া যায়। ফলে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার পর বেশি সময় চালানো সম্ভব হয় না। অথচ গাড়ির মালিককে প্রতিদিন নির্ধারিত টাকা জমা দিতে হয়।

আরেক চালক মহসিন বলেন, প্রতিদিন গাড়ির মালিককে ১ হাজার ২০০ টাকা জমা দিতে হয়। গ্যাস নিতে তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়। গ্যাসের চাপ কম থাকায় কখনো কখনো ১০০ থেকে ১২০ টাকার বেশি গ্যাস নেওয়া সম্ভব হয় না। কোনো কোনো দিন এর চেয়েও কম গ্যাস নিতে হয়। কয়েক ঘণ্টা গাড়ি চালানোর পর আবার গ্যাসের জন্য স্টেশনে আসতে হয়। এতে আয় কমে গেছে এবং সংসার চালাতে কষ্ট হচ্ছে।

চালকেরা বলছেন, গ্যাসের সংকটের কারণে তাঁদের আয় কমলেও সংসারের খরচ কমেনি। দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করায় প্রতিদিনের কর্মঘণ্টা কমে যাচ্ছে। পাশাপাশি গাড়ির মালিকের নির্ধারিত জমার টাকা পরিশোধ করাও কঠিন হয়ে পড়ছে।

চালকদের দাবি, গ্যাসের সরবরাহ ও চাপ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভোগান্তি পুরোপুরি কমবে না। দ্রুত গ্যাসের সরবরাহ স্বাভাবিক করে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের সমস্যা কমানোর দাবি জানিয়েছেন তাঁরা।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০