নওগাঁয় হানিট্র্যাপের ফাঁদে স্কুলশিক্ষক, নারীসহ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁয় এক স্কুলশিক্ষককে বাসায় ডেকে নিয়ে জিম্মি ও ব্ল্যাকমেইল করার অভিযোগে এক নারীসহ হানিট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারধরের ভয় দেখিয়ে ওই শিক্ষকের কাছ থেকে নগদ টাকা, স্বাক্ষর করা ফাঁকা স্ট্যাম্প এবং দুই লাখ টাকার চেক হাতিয়ে নেওয়া হয়েছিল। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ আসামিদের গ্রেপ্তার এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধার করেছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা একটি সুসংগঠিত ব্ল্যাকমেইল চক্রের সদস্য, যারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করত।
গ্রেফতারকৃতরা হলেন—নওগাঁ সদরের চামেলী আক্তার মিলি (৪৫), আত্রাইয়ের রাকিব হাসান (২৯), বদলগাছীর সোহরাব হোসেন (২৬) এবং বগুড়ার নাঈম হোসেন (২৫)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষক জয়পুরহাটের আক্কেলপুর এলাকার একটি বিদ্যালয়ে কর্মরত। চক্রের প্রধান নারী সদস্য চামেলী আক্তার মিলির সাথে আগে থেকেই তার পরিচয় ছিল। ঘটনার দিন জরুরি আলোচনার কথা বলে ওই শিক্ষককে শহরের একটি ভাড়া বাসায় ডেকে নেওয়া হয়।
শিক্ষক সেখানে পৌঁছানো মাত্রই পূর্বপরিকল্পনা অনুযায়ী অন্য সদস্যরা ঘরে ঢুকে তাকে অবরুদ্ধ করে। এরপর তাকে মারধরের হুমকি দিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং জোরপূর্বক ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্প ও দুই লাখ টাকার একটি চেকে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগীর লিখিত অভিযোগের ওপর ভিত্তি করে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এই প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে জোরপূর্বক নেওয়া স্ট্যাম্প ও চেকটি উদ্ধার করা হয়।
১২৩ বার পড়া হয়েছে