ঢাকাতেও লোডশেডিং মেনে নিতে হবে: জাহেদ উর রহমান
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকাকে পুরোপুরি লোডশেডিংমুক্ত রাখার নীতি থেকে সরকার সরে আসছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দেশের অন্যান্য এলাকার মতো রাজধানীতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে। তবে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি থাকায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ঢাকা কিছুটা অগ্রাধিকার পেতে পারে।
সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাহেদ উর রহমান।
বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ হিসেবে গ্যাসের ঘাটতির কথা উল্লেখ করে তিনি বলেন, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে বর্তমানে যে লোডশেডিং হচ্ছে, তা কমে আসবে বলে সরকার আশা করছে। বিদ্যুৎ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীরাও গ্যাসের সংকট কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন বলে জানান তিনি।
ঢাকায় লোডশেডিংয়ের প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও দেশে লোডশেডিং ছিল। তবে রাজধানীকে প্রায় লোডশেডিংমুক্ত রাখা হয়েছিল। তাঁর ভাষ্য, ঢাকার মানুষের ‘ভয়েস’ ও সামাজিক পুঁজি বেশি হওয়ায় রাজধানীবাসী লোডশেডিংয়ের বাইরে থাকতেন। এতে ঢাকার মানুষের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে একটি আলাদা ধারণা তৈরি হয়েছিল।
লোডশেডিংয়ের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের শেষ পূর্ণ বছর ২০২৩ সালের জুন, জুলাই ও আগস্টের সঙ্গে ২০২৬ সালের একই সময়ের গড় লোডশেডিংয়ের চিত্র তুলনা করা হয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুনে দেশে প্রতিদিন গড়ে ৯৬৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছিল। ২০২৬ সালের জুনে এই পরিমাণ কমে দাঁড়ায় ৭৪১ মেগাওয়াটে। জুলাইয়েও একই প্রবণতা দেখা যায়। ২০২৩ সালের জুলাইয়ে গড় লোডশেডিং ছিল ৬১৩ মেগাওয়াট, যা ২০২৬ সালের জুলাইয়ে কমে ৪৬০ মেগাওয়াটে নেমে আসে।
তবে আগস্টে পরিস্থিতি ছিল ভিন্ন। ২০২৩ সালের আগস্টে প্রতিদিন গড়ে লোডশেডিং ছিল ৩৬০ মেগাওয়াট। ২০২৬ সালের আগস্টে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৫৬৫ মেগাওয়াটে।
আগস্টে লোডশেডিং বেড়ে যাওয়ার পেছনে ওই মাসের সংকটের কথা উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, জুন ও জুলাইয়ে ২০২৬ সালের গড় লোডশেডিং ২০২৩ সালের তুলনায় কম ছিল।
রাজধানীতে লোডশেডিং প্রসঙ্গে তিনি আরও বলেন, ঢাকাতেও কিছুটা বিদ্যুৎ সংকট মেনে নেওয়া প্রয়োজন। তবে দেশের সবচেয়ে বড় শহর হিসেবে ঢাকায় অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ বেশি হওয়ায় বিদ্যুৎ সরবরাহে রাজধানীকে কিছুটা অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় থাকতে পারে।
সরকার ‘ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখবে’—এমন ধারণা থেকে সরে আসছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা। তাঁর মতে, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে বর্তমান বিদ্যুৎ সংকটও অনেকটাই কমে আসবে।
১৩৬ বার পড়া হয়েছে