পাবনায় বিএনপি নেতা আদম আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার আটঘরিয়ায় চাঞ্চল্যকর সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আদম আলী হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মামলা দায়েরের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।
পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আদম আলীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় অবশেষে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে শাহিন হোসেন বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের পরপরই আসামিদের ধরতে সাঁড়াশি অভিযানে নামে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত ২টার দিকে আটঘরিয়া উপজেলার গোপালপুর তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের প্রধান আসামি ইরাদুল ইসলামকে (৫৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইরাদুল উপজেলার চন্ডিপাশা গ্রামের বাসিন্দা।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সফল ডলি রানী সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই অপরাধীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪টার দিকে একদন্ত বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে উপজেলার চণ্ডিপাশা গ্রামের আহম্মদ আলীর বাড়ির সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আদম আলী এলাকার একটি আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।
১১৭ বার পড়া হয়েছে