সীমান্ত সুরক্ষায় জনসম্পৃক্ততা বাড়াতে কুষ্টিয়ায় বিজিবির মতবিনিময় সভা
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে বিশেষ মতবিনিময় সভা করেছে বিজিবি। ৪৭ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এই সভায় অবৈধ সীমান্ত পারাপার, চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্তবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিজিবি ও জনগণের যৌথ প্রচেষ্টায় সীমান্ত সুরক্ষা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) ব্যবস্থাপনায় শনিবার বিকেলে দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খারিজাথাক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
মতবিনিময় সভায় বিজিবি অধিনায়ক সীমান্তবর্তী জনগণকে আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার পাশাপাশি অবৈধ উপায়ে সীমান্ত পারাপার, পুশ-ইন, মাদক চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বদা সচেতন থাকার আহ্বান জানান। তিনি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সন্দেহজনক চলাফেরা দেখামাত্রই নিকটস্থ বিওপিতে জানানোর অনুরোধ করেন।
লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত রক্ষা ও দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা শুধুমাত্র বিজিবির একক দায়িত্ব নয়। সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি। পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমেই একটি নিরাপদ সীমান্ত নিশ্চিত করা সম্ভব।
উক্ত মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাদের পক্ষে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা আবু সুফিয়ান মিঠুন। উপস্থিত সাধারণ মানুষ সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবিকে সার্বিক সহযোগিতা করার জোরালো প্রত্যয় ব্যক্ত করেন।
১৫১ বার পড়া হয়েছে