নদী রক্ষায় শুধু সরকারি নয় ব্যক্তিগত দায়বদ্ধতায়ও কাজ করার তাগিদ প্রধানমন্ত্রীর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু সরকারি নির্দেশনার দিকে তাকিয়ে না থেকে ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেও কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। রাজধানীর চারপাশের নদ-নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় ঢাকার প্রাণ হিসেবে পরিচিত বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে এসব নদীর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনের বর্জ্য অপসারণ, নাব্যতা ফেরানো, নদীর তীর সংরক্ষণ এবং ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়নের বিষয়গুলোও গুরুত্ব পায়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এ পর্যন্ত নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা স্মরণ করিয়ে দিয়ে সেগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ‘শুধু নিজেদের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা আমাদের করতে হবে। এ জন্য শুধু সরকারি নির্দেশনার ওপর নির্ভর করলে চলবে না, প্রত্যেককে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও এগিয়ে আসতে হবে।’
গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করে কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
এ ছাড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার (ঢাকা নৌ অঞ্চল) রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ-আল-মাকসুসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
১০৫ বার পড়া হয়েছে