রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১.৪৮ লাখ কোটি: অর্থমন্ত্রী
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০ জুনের হিসাব অনুযায়ী এ তথ্য জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপিত হয়।
সংসদ সদস্য মো. আব্দুল আলীম জানতে চান, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ কত এবং ব্যাংকভিত্তিক হিসাব কী।
জবাবে অর্থমন্ত্রী জানান, ৩০ জুন ২০২৬ ভিত্তিক হিসাবে রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের মোট পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।
রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা।
ব্যাংকভিত্তিক হিসাবে অগ্রণী ব্যাংক পিএলসিতে খেলাপি ঋণের পরিমাণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে খেলাপি ঋণ রয়েছে ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা।
এ ছাড়া বেসিক ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা এবং রূপালী ব্যাংক পিএলসিতে ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা।
সোনালী ব্যাংক পিএলসিতে খেলাপি ঋণের পরিমাণ ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা।
অর্থমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ অন্য ব্যাংকগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সব মিলিয়ে রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকায় পৌঁছেছে।
১১০ বার পড়া হয়েছে