সর্বশেষ

সারাদেশ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শুভ দাসের মরদেহ ফিরল কলারোয়ায়

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা শুভ দাসের (২৩) মরদেহ দীর্ঘ চার মাস পর তাঁর নিজ বাড়ি সাতক্ষীরার কলারোয়ায় এসে পৌঁছেছে। আজ রবিবার সকালে মরদেহটি কলারোয়ার শ্রীপতিপুর গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। দরিদ্র পরিবারের অভাব দূর করতে গিয়ে প্রবাসী হওয়া এই যুবকের অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরিবারের আর্থিক অনটন দূর করে বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে আড়াই বছর আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের শুভ দাস। বিদেশ যাওয়ার খরচ জোগাতে দরিদ্র পরিবারটিকে বিক্রি করতে হয়েছিল একমাত্র সম্বল দুই শতক বসতভিটা ও গবাদিপশু। কিন্তু এক নিমিষেই সেই সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ মে লেবাননের নবাতিয়া জেলার জেবদিন এলাকায় রুটি বহনকারী একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন ২৩ বছর বয়সী শুভ দাস। ওই একই হামলায় ঘটনাস্থলেই আরও তিনজন বাংলাদেশি শ্রমিক প্রাণ হারান। দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর অবশেষে আজ রবিবার সকাল ১০টায় শুভর মরদেহ কলারোয়ার নিজ বাড়িতে এসে পৌঁছায়।

আদরের সন্তানের কফিনবন্দি মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মা-বাবাসহ স্বজনেরা। শেষবারের মতো শুভকে দেখতে সকাল থেকেই কলারোয়ার বাড়িতে ভিড় জমান প্রতিবেশী ও দূর-দূরান্ত থেকে আসা আত্মীয়-স্বজনেরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি এখন সম্পূর্ণ দিশেহারা ও নিঃস্ব হয়ে পড়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা জানান, ২০২৩ সালে পরিবারের শেষ সম্বল বিক্রি ও ঋণ করে ভাগ্য বদলের আশায় লেবাননে গিয়েছিলেন শুভ। কিন্তু ইসরায়েলি আগ্রাসনের নির্মম শিকার হয়ে লাশ হয়ে ফিরতে হলো তাকে। নিদারুণ আর্থিক সংকটে পড়া এই পরিবারের সহায়তায় সরকারের পক্ষ থেকে দ্রুত পাশে দাঁড়ানোর দাবি জানান তিনি।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে প্রবাসী শুভ দাসের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর মরদেহ সৎকারের জন্য পরিবারের সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন