নরসিংদীতে যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীতে নিষিদ্ধঘোষিত সংগঠন যুব মহিলা লীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহিয়া মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের শিক্ষা চত্বর এলাকার একটি মেলা থেকে তাকে গ্রেপ্তার করার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নরসিংদী শহরের শিক্ষা চত্বর এলাকার পৌর পার্কে আয়োজিত একটি নারী উদ্যোক্তা মেলা থেকে গত শনিবার রাতে মাহিয়া মনিকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। এরপর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাহিয়া মনি শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের মজিবুর রহমানের মেয়ে এবং যুব মহিলা লীগের নরসিংদী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে তাকে গ্রেপ্তারের পর সে নিষিদ্ধ সংগঠনের পক্ষে কার্যক্রম পরিচালনার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
মাহিয়া মনির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে। এর মধ্যে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর দায়ের করা একটি হত্যা মামলা এবং ২০১৯ সালে নরসিংদীর শিবপুর থানায় দায়ের করা মারামারি ও দাঙ্গার আরেকটি মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল মামুন জানান, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রুখতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
১১৬ বার পড়া হয়েছে