ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম ঠাকুরগাঁও সফর। সফরে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার পাশাপাশি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন। সেখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়।
এরপর রাষ্ট্রপতি সার্কিট হাউসে যান। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই তাঁর প্রথম সরকারি সফর। এ সফরকে ঘিরে জেলা শহর ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি।
সফরের প্রথম দিন বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। এর আগে তিনি কালীবাড়ির নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন।
সফরকালে রাষ্ট্রপতি তাঁর মা-বাবার কবর জিয়ারত করবেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কসংলগ্ন সদর উপজেলার জামালপুর এলাকায় দীর্ঘদিনের প্রত্যাশিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।
বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম নেবেন। পরে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
১৩৩ বার পড়া হয়েছে