গোমস্তাপুরে ১৮ বোতল অবৈধ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ বোতল অবৈধ এস্কাফ সিরাপসহ আব্দুল বাশির নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে পৌরসভার খয়রাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের বিশেষ দিকনির্দেশনা ও স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি চৌকস দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। খয়রাবাদ গ্রামের মনিরুলের বসতবাড়ির সামনের সড়ক থেকে সন্দেহভাজন হিসেবে এক যুবককে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে আটককৃত ব্যক্তির হেফাজত থেকে আমদানি নিষিদ্ধ ১৮ বোতল ক্ষতিকারক এস্কাফ সিরাপ জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
গ্রেপ্তার হওয়া আব্দুল বাশির খয়রাবাদ গ্রামের রোজবুল হকের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
১৪৬ বার পড়া হয়েছে