গোয়ালন্দে বিদ্যুৎ সংযোগ দিয়ে বৃদ্ধাকে হত্যার অভিযোগ: গ্রেফতার ১
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজবাড়ীর গোয়ালন্দে আখের জমিতে জিআই তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে বৃদ্ধা নবিরন নেছা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম মৃধাকে গ্রেফতার করেছে র্যাব-১০। ফরিদপুরের বেপারী পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।
শনিবার দুপুরে ফরিদপুর র্যাব-১০ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে ভোরে ফরিদপুর সদরের বেপারী পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম মৃধাকে (৩৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিকুল রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার আইনুদ্দিন প্রামানিক পাড়ার বাসিন্দা।
র্যাব জানায়, নিহত নবিরন নেছা (৫৫) অত্যন্ত দরিদ্র হওয়ায় অন্যের জমিতে বর্গা চাষ করতেন। গত ২ সেপ্টেম্বর বিকেলে তিনি জমিতে কাজ করতে গিয়ে আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে স্থানীয়রা একটি আখক্ষেতের পাশে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু মনে করা হলেও নিবিড় অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত রফিকুল নিজের আখক্ষেত রক্ষায় চারপাশে বিপজ্জনকভাবে জিআই তার পেঁচিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। জমিতে কাজ করার সময় অসাবধানতাবশত ওই তারের সংস্পর্শে এসেই প্রাণ হারান নবিরন নেছা।
এই ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অপরাধ দমনে র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১০৭ বার পড়া হয়েছে