রৌমারীতে এসিল্যান্ডের অপসারণ দাবিতে মানববন্ধন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারীতে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড রাফিউর রহমানের বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। সাংবাদিককে গুম ও প্রাণনাশের হুমকি এবং বাড়িতে বেআইনি তল্লাশি চালানোর প্রতিবাদে রাজপথে নামেন ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা। শনিবার বিকেলে রৌমারী-ঢাকা মহাসড়কে আয়োজিত এই প্রতিবাদ সভা থেকে অভিযুক্ত সরকারি কর্মকর্তার দ্রুত অপসারণ দাবি করা হয়।
গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় জমির নামজারি বাতিল সংক্রান্ত অনিয়মের বিষয়ে তথ্য জানতে রৌমারী উপজেলার এসিল্যান্ড রাফিউর রহমানকে মুঠোফোনে প্রশ্ন করেন দৈনিক মানবজমিনের স্থানীয় প্রতিনিধি রফিকুল ইসলাম সাজু। এতে ক্ষিপ্ত হয়ে পরদিন ৩ সেপ্টেম্বর সকালে পুলিশ ও আনসার সদস্য নিয়ে ওই সাংবাদিকের বাড়িতে অনধিকার প্রবেশ ও তল্লাশি অভিযান চালান এসিল্যান্ড।
এ ঘটনার বিষয়ে পরবর্তীতে জানতে চেয়ে দৈনিক কালবেলার প্রতিনিধি সাখাওয়াত হোসেন ওই কর্মকর্তাকে ফোন করলে তিনিও চরম তোপের মুখে পড়েন। মুঠোফোনে আলাপচারিতার একপর্যায়ে এসিল্যান্ড রাফিউর রহমান সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, 'তোকে গুম করা হবে, মামলা দেওয়া হবে, নাকি হত্যা করা হবে তা সময় বলে দেবে।' এই অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
রৌমারী উপজেলা পরিষদ সংলগ্ন রৌমারী-ঢাকা মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সরকারি কর্মকর্তার এমন অপেশাদার ও অপসাংবাদিকতাবিরোধী আচরণ অত্যন্ত উদ্বেগজনক। গণমাধ্যমের কণ্ঠরোধ করতে এবং নিজেদের অপকর্ম ঢাকতেই সাংবাদিকদের এভাবে হুমকি দেওয়া হচ্ছে।
মানববন্ধনে অবিলম্বে অভিযুক্ত সহকারী কমিশনারের বরখাস্ত ও দৃষ্টান্তমূলক আইনি শাস্তির জোর দাবি জানানো হয়। প্রতিবাদ কর্মসূচিতে সিনিয়র সাংবাদিক কাইউম আজাদ বাবুল, রফিকুল ইসলাম সাজু, আলতাফ হোসেন সরকার, মিজানুর রহমান মিনু, আবু সাঈদ কাকন, সাখাওয়াত হোসেন ও জাকির হোসেনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।
১১০ বার পড়া হয়েছে