নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সাহিত্য চর্চার আহ্বান সৈয়দ প্রিন্সের
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলা ভাষা ও সাহিত্যের গৌরবময় ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মকে সাহিত্য চর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহে আয়োজিত ঐতিহ্যবাহী ‘বাংলাবিদ’ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।
ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার মিলনায়তনে ‘ময়মনসিংহ বাংলাবিদ’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত সেরা পাঁচ বাংলাবিদের হাতে পুরস্কার তুলে দেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এর আগে ময়মনসিংহ জেলা স্কুলে সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কয়েক ধাপের তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথমে সেরা ২০ জনকে নির্বাচিত করা হয়। পরবর্তীতে তাদের মেধা, মনন ও সৃজনশীলতার ভিত্তিতে চূড়ান্তভাবে ৫ জনকে ময়মনসিংহের সেরা বাংলাবিদ হিসেবে ঘোষণা করা হয়। এই বিজয়ী পাঁচ প্রতিযোগী পরবর্তীতে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায় অংশ নেবেন।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বাংলা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের জাতীয় অস্তিত্ব ও সংগ্রামের প্রতীক। ভাষার মর্যাদা রক্ষায় তরুণ প্রজন্মকে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি মনে করেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সুস্থ মনন গঠনে দারুণ ভূমিকা রাখে।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের পরিচালক তাহের শিপন, ইস্পাহানি টি লিমিটেডের বিভাগীয় ব্যবস্থাপক মীর মতিউল ইসলাম এবং মার্কেটিং ম্যানেজার আব্দুল্লাহিল মামুন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা মাহফুজ আক্তার।
১২১ বার পড়া হয়েছে