শেরপুরে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের গোয়ালপট্টির গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় উৎসবটি উদ্যাপন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এর অংশ হিসেবে শুক্রবার সকালে জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শহরের গোয়ালপট্টির গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন রঙের ফেস্টুন ও ব্যানার নিয়ে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্যসচিব সুব্রত দে, বিএনপি নেতা আবু রায়হান রুপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া শোভাযাত্রায় হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।
১২০ বার পড়া হয়েছে