কাজিপুরে বৈঠা হাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে বৈঠা হাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা মিছিলের সত্যতা নিশ্চিত করলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে কাজিপুর উপজেলার সোনামুখী বাজার সংলগ্ন হাই স্কুল চত্বর এলাকায় আকস্মিকভাবে এই মিছিলটি বের করা হয়। মিছিলকারীদের হাতে ঐতিহ্যবাহী দেশীয় বৈঠা দেখা গেছে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হলেও কাজিপুরে বৈঠা হাতে মিছিলের ঘটনা এবারই প্রথম।
ইতিমধ্যেই এই মিছিলের ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে' এবং 'শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই' ইত্যাদি স্লোগান দিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন।
ঝটিকা মিছিলের সত্যতা নিশ্চিত করে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী জানান, দলীয় নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বৈঠা হাতে এই মিছিলটি করেছেন। দীর্ঘদিনের নীরবতা ভেঙে তৃণমূলের নেতা-কর্মীরা রাজপথে নেমেছেন বলে তিনি দাবি করেন।
এদিকে মিছিলের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ বিভিন্ন অভ্যন্তরীণ দায়িত্ব ও ডিউটি নিয়ে ব্যস্ত ছিল। মিছিলটির ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এটি কোনো পুরোনো ভিডিও কি না, তা যাচাই করে দেখছে পুলিশ।
১২৬ বার পড়া হয়েছে