নরসিংদীতে ঘুমন্ত বাবাকে ছুরিকাঘাতে হত্যা, আহত মা ও ভাই
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর শিবপুরে নিজ ঘরে ঘুমন্ত পিতাকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে নিজ সন্তান। শুক্রবার ভোরে সংঘটিত এই লোমহর্ষক হত্যাকাণ্ডে বাধা দিতে গিয়ে ঘাতক ছেলের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন মা ও ভাই। শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতের কান্দি পূর্বপাড়া গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত আব্দুল বাছেদ মিয়া (৬৫) ওই এলাকার মৃত ইউনুস আলীর ছেলে। অভিযুক্ত ঘাতক ছেলের নাম শাকিল চৌধুরী (৩৫), যিনি পেশায় একজন রাজমিস্ত্রির কাজ করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে বাবা ও ছেলে একই ঘরে ঘুমাতে যান। তাদের মধ্যে আগে থেকে কোনো প্রকাশ্য বিরোধ ছিল না। তবে শুক্রবার ভোররাতে হঠাৎ ওই ঘর থেকে চিৎকার শুনে মা সখিনা বেগম ও ছোট ভাই নুরুন্নবী রাশেদ ছুটে যান। তারা দেখতে পান, শাকিল তার বাবার পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করছেন। এ সময় তাকে বাধা দিতে গেলে শাকিল তার মা ও ভাইকেও কুপিয়ে জখম করে পালিয়ে যান।
রক্তাক্ত অবস্থায় আব্দুল বাছেদ মিয়া ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে সকালে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বড় মেয়ে হাফসা বেগম জানান, তার ভাই শাকিল আগে থেকেই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। তবে বাবার সাথে তার কোনো দৃশ্যমান বিরোধ ছিল না। তারা ঘাতক ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেছেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে। অভিযুক্ত শাকিলকে গ্রেফতার করতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
১১৩ বার পড়া হয়েছে