সিরাজগঞ্জের এনায়েতপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুরে গভীর ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমী। এ উপলক্ষে খামারগ্রাম শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে বের হওয়া আকর্ষণীয় শোভাযাত্রাটি স্থানীয় ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে।
শুক্রবার সকালে এনায়েতপুর থানার খামারগ্রাম শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই র্যালিটি শুরু হয়। এরপর শোভাযাত্রাটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও কেজির মোড় প্রদক্ষিণ করে পুনরায় মন্দির চত্বরে এসে শেষ হয়। এতে শত শত সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন মজুমদার, সহ-সভাপতি রণজিৎ কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র ঘোষ। এছাড়া দুলাল ঘোষ, বিমল চন্দ্র দাস ও স্বপন কুমার কর্মকারসহ স্থানীয় সনাতন সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে মন্দিরে বিশেষ পূজা-অর্চনা, গীতা পাঠ এবং প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তরা জগতের কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন। এই আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটে।
১৫৮ বার পড়া হয়েছে