রাজবাড়ীতে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজবাড়ীর সদর ও গোয়ালন্দ উপজেলা থেকে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ষাটনল ব্রিজ এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় নারী এবং গোয়ালন্দের দৌলতদিয়া থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনা দুটির তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ষাটনল ব্রিজ সংলগ্ন এলাকায় এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, নিহত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সেই সঙ্গে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচিত হবে।
অন্যদিকে, গত বুধবার রাতে জেলার গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া এলাকার একটি আখের ক্ষেত থেকে নবিরন বেগম (৫৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় রহিম শেখের স্ত্রী। বুধবার বিকেলে বাড়ির বাইরে গিয়ে সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বের হন। পরে রাত পৌনে ১০টার দিকে রফিকুলের জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফসলি জমিতে কাজ করার সময় স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে কোনো ধরনের আর্থিক আপোষের খবর তাঁর জানা নেই বলে তিনি উল্লেখ করেন।
১১৮ বার পড়া হয়েছে