মুন্সীগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে সাড়ে ১৪ টন চাল বরাদ্দ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে শুভ জন্মাষ্টমী ২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সরকারি বিশেষ সাহায্য (জিআর) হিসেবে সাড়ে ১৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের নেতাদের হাতে এই বরাদ্দের জিও হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় উৎসবটি সুচারুভাবে উদযাপনের জন্য আনুষ্ঠানিকভাবে এই বরাদ্দ বিতরণ করা হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এবং স্থানীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান যৌথভাবে পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির প্রতিনিধিদের কাছে বরাদ্দের চিঠি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ে এই জরুরি বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে জেলার প্রতিটি মণ্ডপে জন্মাষ্টমীর যাবতীয় আচার-অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা হবে বলেও জানানো হয়।
১১৮ বার পড়া হয়েছে