ধামরাইয়ে ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে আজহারুল ইসলাম কাওসার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পর্কে তিনি ওই কিশোরীর সৎবাবা। এ ঘটনায় গতকাল রাতে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত আজহারুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
বিস্তারিত ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার ভিত্তিতে আজহারুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ধামরাই উপজেলার কেলিয়া দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে আজহারুল কৌশলে তাঁর দুই সৎমেয়েকে ঘুমের ওষুধ খাওয়ান। ওষুধ খেয়ে বড় ও ছোট মেয়ে আলাদা দুটি কক্ষে ঘুমিয়ে পড়ে। এরপর রাত চারটার দিকে আজহারুল তাঁর স্ত্রীর হাত-পা রশি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন এবং মুখে কসটেপ পেঁচিয়ে দেন। পরে তিনি বড় মেয়ের কক্ষে ঢুকে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন।
ঘটনার একপর্যায়ে ছোট মেয়ে জেগে উঠে মায়ের বাঁধন খুলে দেয়। এরপর মা দ্রুত গিয়ে তাঁর বড় মেয়েকে উদ্ধার করেন। পরে ওই কিশোরী জানায়, এর আগেও একাধিকবার ভয়ভীতি দেখিয়ে তার সৎবাবা তাকে ধর্ষণ করেছেন। গতকাল রাতে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা অভিযুক্ত আজহারুলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
৪৩৩ বার পড়া হয়েছে