রাঙামাটির লংগদুতে যৌথ বাহিনীর অভিযান: রোহিঙ্গা সন্দেহে নারীসহ ৯ জন আটক
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে রোহিঙ্গা সন্দেহে নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে কাপ্তাই হ্রদ হয়ে স্পিডবোটে করে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা কক্সবাজারের উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে স্বীকার করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র থেকে জানা যায়, একদল যাত্রী নিয়ে একটি স্পিডবোট রাঙামাটির রিজার্ভ বাজার ঘাট থেকে লংগদুর উদ্দেশে রওনা দেয়। কাপ্তাই হ্রদ পেরিয়ে বোটটি মাইনীমুখ বাজারে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে অবস্থান নেয় যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করতে সক্ষম হলেও অপর ৩ জন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিদের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত ব্যক্তিদের পরিচয় সনাক্ত করা গেছে। তারা হলেন— মোঃ সাব্বির, নুমাইর, শাওন, আব্দুল হাফেজ, নুরুল আমিন, মোঃ হোসেন, তৈয়ব, সাবিকুন এবং তহুরা।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা উখিয়া ও টেকনাফের শরণার্থী শিবির থেকে পালিয়ে এখানে এসেছিলেন। লংগদু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বরজিৎ দে জানিয়েছেন, তারা কী উদ্দেশ্যে এখানে এসেছিলেন এবং তাদের সাথে থাকা অন্য তিনজনের পরিচয় কী, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০৬ বার পড়া হয়েছে