ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: পুকুরে বাস, আহত অন্তত ২০
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দায় একটি যাত্রীবাহী বাস ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বাসটি মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে থাকে। আহতদের উদ্ধার করে স্থানীয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর থেকে ঢাকাগামী 'জে আর পরিবহনের' একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি এসিআই কোম্পানির সারবাহী ট্রাকের তীব্র সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং এটি মহাসড়কের পাশে থাকা একটি গভীর পুকুরে ছিটকে পড়ে। একই সময়ে সারবাহী ট্রাকটি সড়কের ওপর উল্টে যাওয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর ওই সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করেছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
১০৬ বার পড়া হয়েছে