সাতক্ষীরায় ৩০ বছর পর জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করলেন প্রশাসক
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনিতে দীর্ঘ প্রায় তিন দশক ধরে অবৈধ দখলে থাকা জেলা পরিষদের একটি পুকুর উদ্ধার করা হয়েছে। জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে বুধবার ৫৫ শতকের এই বিশাল পুকুরটি দখলমুক্ত করা হয়। দীর্ঘদিন পর সরকারি এই সম্পত্তি ফিরে পাওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলা সদরের থানার পাশে অবস্থিত এই পুকুরটি দীর্ঘ ৩০ বছর ধরে অবৈধভাবে ভোগদখল করছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুস সবুর। অবশেষে জেলা পরিষদের যথাযথ কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর তিনি স্বেচ্ছায় পুকুরটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পুকুরটি উদ্ধারের সময় জেলা পরিষদের সার্ভেয়ার আল-আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুকুরটি পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার পর জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব জানান, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ নেই। পর্যায়ক্রমে জেলা পরিষদের মালিকানাধীন অন্যান্য সকল অবৈধ দখলে থাকা জমি, পুকুর এবং অবকাঠামো উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে আনা হবে। এ বিষয়ে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দেন।
উদ্ধার অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
১১৫ বার পড়া হয়েছে