সেপ্টেম্বরে এলপিজির দাম কমল, ১২ কেজি ১,৫৮৫ টাকা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গ্যাসের সংকটের মধ্যেই সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি কেজি এলপিজির দাম ১ টাকা ৩ পয়সা কমানো হয়েছে। এতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকা হয়েছে। নতুন এই দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
আগস্ট মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। সেপ্টেম্বর মাসে তা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে জুলাইয়ের তুলনায় দাম এখনো বেশি। ওই মাসে ১২ কেজি সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। অর্থাৎ জুলাইয়ের তুলনায় সেপ্টেম্বরের দাম সিলিন্ডারপ্রতি ৫৭ টাকা বেশি।
বিইআরসি জানিয়েছে, সেপ্টেম্বরের এলপিজির দাম নির্ধারণে সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় নেওয়া হয়েছে। এ হিসাবে গড় সৌদি সিপি (কার্গো মূল্য) দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টন ৬৪৭ দশমিক ৭৫ ডলার। এর সঙ্গে জাহাজভাড়া, ব্যবসায়ীদের প্রিমিয়াম এবং প্রতি ডলারের গড় বিনিময় হার ১২৩ টাকা ৩০ পয়সা হিসাব করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দরে ৫ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা এবং ১২ দশমিক ৫ কেজির দাম ১ হাজার ৬৫২ টাকা। এ ছাড়া ১৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৩ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা এবং ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
২২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা করা হয়েছে।
গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। সেপ্টেম্বর মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৯ পয়সা। রেটিকুলেটেড এলপিজির দাম করা হয়েছে প্রতি কেজি ১২৮ টাকা ৩৭ পয়সা।
তবে সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এই সিলিন্ডারের দাম আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা।
২০২১ সালের এপ্রিল থেকে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম এবং ডলারের বিনিময় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। তবে নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে।
বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি বন্ধে কমিশন আবারও নির্দেশ দিয়েছে। বিইআরসির আদেশ অনুযায়ী, মজুত, বোতলজাতকরণ, পরিবেশক ও খুচরা বিক্রির কোনো পর্যায়েই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া যাবে না।
১২২ বার পড়া হয়েছে