হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জ্বালানিবাহী জাহাজ চলাচলে বাধা নেই
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী। বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা জানান।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলোর ক্ষেত্রে কোনো জটিলতা হবে না বলে ইরানের পক্ষ থেকে আশ্বস্ত করা হলো।
বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী। সাক্ষাতের সময় তিনি বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজের হরমুজ প্রণালি পারাপারের বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরেন।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যসহ সংশ্লিষ্ট অঞ্চলে চলমান উত্তেজনা দ্রুত কমিয়ে আনার প্রত্যাশা জানানো হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অঞ্চল ও এর বাইরের মানুষের স্বার্থে দ্রুত উত্তেজনা নিরসন জরুরি। একই সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।
সাক্ষাতে সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হয়। ইরানের রাষ্ট্রদূত জানান, মক্কা প্যাক্ট ইরানের বিরুদ্ধে কোনো জোট হিসেবে বিবেচিত নয়। আনুষ্ঠানিকভাবে ইরানকে এই উদ্যোগে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলে তেহরান তা গ্রহণ করবে বলেও তিনি জানান।
এ ছাড়া মক্কা প্যাক্টে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও ইরানের কোনো আপত্তি নেই বলে জানান রাষ্ট্রদূত।
১১৭ বার পড়া হয়েছে