প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ধন্যবাদ জ্ঞাপন ট্রাম্পের, শিগগিরই সাক্ষাতের আশা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এ প্রত্যাশার কথা জানান তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তাঁর নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশার কথাও তাঁর বক্তব্যে উঠে এসেছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন মার্কিন প্রেসিডেন্টের চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।
চিঠিতে বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের উড়োজাহাজ কেনাবেচার বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে তারেক রহমানের ভূমিকার কথা তিনি সব সময় মনে রাখবেন বলেও জানান।
ট্রাম্পের এই চিঠি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে গুরুত্ব বহন করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
১২৫ বার পড়া হয়েছে