নিয়োগে অনিয়ম-তদবির বরদাস্ত হবে না: খাগড়াছড়িতে চেয়ারম্যান ম্রাসাথোয়াই
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগসহ পরিষদের আওতাধীন সকল নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি রক্ষায় দলমত নির্বিশেষে কাজ করার অঙ্গীকার করেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি স্পষ্ট ভাষায় জানান, পরিষদের কার্যক্রমে কোনো ধরনের পক্ষপাতিত্ব, দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। চাকরিপ্রার্থীরা যেন আবেদন করার পর থেকেই সম্পূর্ণ নিরপেক্ষ মূল্যায়নের ওপর আস্থা রাখতে পারেন, সে ধরনের পরিবেশ তৈরি করা হবে।
সভায় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী ছাড়াও নবনিযুক্ত সদস্য এম এন আবছার, মোশারফ হোসেন, এবং অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু উপস্থিত ছিলেন। এছাড়া খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্লসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা এই আলোচনায় অংশ নেন। সভায় পরিষদের নবনিযুক্ত অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরি এবং প্রতিমন্ত্রী মীর হেলালের দিকনির্দেশনা মেনে কাজ করা হবে। একই সাথে খাগড়াছড়ির স্থানীয় সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞার দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জেলা পরিষদের কার্যক্রমে গতিশীলতা আনা হবে।
ম্রাসাথোয়াই মারমা আরও বলেন, এই পরিষদ কোনো একক দল বা গোষ্ঠীীর নয়, বরং খাগড়াছড়ির সকল ধর্ম ও জাতিসত্তার মানুষের অধিকার নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে অগ্রাধিকার দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
১৫০ বার পড়া হয়েছে