কুমিল্লায় জমকালো আয়োজনে ‘নজরুল বর্ষ’ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লায় শুরু হয়েছে ‘নজরুল বর্ষ’ শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে এই বর্ণাঢ্য উৎসবের উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত এই আয়োজনে অংশ নিচ্ছে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ্ রুজি আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির জীবন ও কর্ম তুলে ধরার আহ্বান জানান অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক হাসান আমীন, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুলসহ অন্যান্য বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।
এবারের প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা। বিশেষ করে আবৃত্তি বিভাগে শিক্ষার্থীরা জাতীয় কবির কালজয়ী সব কবিতা আবৃত্তি করে তাদের মেধার স্বাক্ষর রাখছে। বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী এসব প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং কুমিল্লা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা শিল্পকলা একাডেমি। আয়োজক কমিটির পক্ষ থেকে জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান জানান, তরুণ প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।
১২১ বার পড়া হয়েছে