আশুগঞ্জ সার কারখানা দ্রুত সচলের দাবিতে মহাসড়কে মানববন্ধন
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
তীব্র গ্যাস-সংকটের কারণে দীর্ঘ দেড় বছর ধরে উৎপাদন বন্ধ রয়েছে দেশের অন্যতম বৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ সার কারখানা। গুরুত্বপূর্ণ এই শিল্পপ্রতিষ্ঠানটি দ্রুত সচল ও আধুনিকায়নের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছেন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সর্বস্তরের জনগণ। এই কর্মসূচির মধ্য দিয়ে কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জোরালো দাবি জানানো হয়েছে।
সোমবার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) আয়োজিত এই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা কারখানাটির পূর্বের নাম ‘আশুগঞ্জ জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’ পুনর্বহাল করাসহ একে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুনরুজ্জীবিত করার দাবি জানান। ২০১০ সালের পর থেকে একটি স্বার্থান্বেষী মহল বিদেশ থেকে সার আমদানির কমিশন বাণিজ্যের স্বার্থে গ্যাস সরবরাহ বন্ধ করে কারখানাটিকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তোলেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারখানায় প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ১৫০ টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। তবে গত বছরের ১ মার্চ থেকে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন পুরোপুরি স্থবির হয়ে পড়ে। দীর্ঘ সময় বন্ধ থাকায় কারখানার মূল্যবান যন্ত্রপাতি যেমন নষ্ট হচ্ছে, তেমনই স্থানীয় কর্মসংস্থান ও অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে কারখানা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য দেন। তারা অবিলম্বে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করে কারখানাটি সচল করতে এবং প্রয়োজনে আধুনিক প্রযুক্তিসম্পন্ন পরিবেশবান্ধব নতুন ইউনিট স্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
১২০ বার পড়া হয়েছে