চিকিৎসাসেবায় বাংলাদেশকে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র : মার্কিন রাষ্ট্রদূত
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৮:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশজুড়ে মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবার মান বাড়াতে বাংলাদেশকে ২৪ লাখ ডলার মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। পঞ্চগড় জেলা হাসপাতাল পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আনুষ্ঠানিকভাবে এই সহায়তার তথ্য জানান।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়াতে এবং দেশব্যাপী স্বাস্থ্যসেবা উন্নত করতে এই বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। পঞ্চগড় জেলা হাসপাতাল পরিদর্শনকালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করা হয়।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন। মার্কিন সরকারের এই বৃহৎ সহায়তার আওতায় রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার বিশেষ যন্ত্র (নিউবর্ন ওয়ার্মার), শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী আধুনিক সরঞ্জাম, মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য বিশেষায়িত থেরাপিউটিক ফুড এবং জীবন রক্ষাকারী ভ্যাকসিনের কার্যকারিতা বজায় রাখার জন্য কোল্ড চেইনের উপকরণ।
এই জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রীগুলো এফএইচআই ৩৬০, জেএইচপিআইইজিও (Jhpiego), জেএসআই এবং ইউনিসেফের যৌথ ব্যবস্থাপনায় দেশের দুর্গম অঞ্চলের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অংশীদারত্বের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো জনস্বাস্থ্য। সংক্রামক রোগ প্রতিরোধের পাশাপাশি মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় এই সমর্থন অব্যাহত থাকবে।
এই অনুদান 'আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি' বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মূল উদ্দেশ্য হলো বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্যব্যবস্থাকে স্বাবলম্বী করে তোলা। চিকিৎসাসেবা সম্প্রসারণে মার্কিন প্রশাসন বাংলাদেশ সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত তেঁতুলিয়া উপজেলার চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা এবং মহানন্দা নদী পরিদর্শন করেন। হাসপাতাল পরিদর্শন শেষে তিনি পঞ্চগড় সার্কিট হাউজে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের সাথে এক সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভিন এবং পুলিশ সুপার আবু সাঈমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১৯ বার পড়া হয়েছে