বৈঠার টানে মুখরিত ফরিদপুরের আষাঢ়ের বিল, জমজমাট নৌকা বাইচ ও মেলা
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৪:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলার খোয়াড় গ্রামের আষাঢ়ের বিলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই স্থানীয়দের উদ্যোগে এই জমকালো আয়োজন করা হয়। হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা এক মিলনমেলায় পরিণত হয়।
শুক্রবার বিকেল ৪টায় সালথার বটতলা সংলগ্ন আষাঢ়ের বিলে এই আকর্ষণীয় প্রতিযোগিতার সূচনা হয়। দুপুর গড়াতেই বিলের দুই পাড়ে উৎসুক দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার মানুষ নদীর পাড়ে জড়ো হয়ে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী খেলা উপভোগ করেন।
প্রতিযোগিতা শুরু হওয়ার পর মাঝিদের বৈঠার ছন্দময় চালনা এবং উদ্দীপনামূলক স্লোগানে পুরো বিলের পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিটি নৌকা যখন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন দর্শকদের করতালি ও হর্ষধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
নৌকা বাইচের পাশাপাশি বিলের পাড়ে আয়োজিত গ্রামীণ মেলাটি ছিল দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ। মেলায় বিভিন্ন ধরনের দেশীয় ঐতিহ্যবাহী সামগ্রী, শিশুদের খেলনা ও নানা মুখরোচক খাবারের পসরা সাজানো হয়। মেলা প্রাঙ্গণে বিশেষ করে শিশু-কিশোর এবং নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল নজরকাড়া।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, আধুনিক সংস্কৃতির প্রভাবে আমাদের হাজার বছরের ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি আজ বিলুপ্তির পথে। এই ধরনের নৌকা বাইচের আয়োজন নতুন প্রজন্মের কাছে আমাদের শিকড়ের পরিচয় তুলে ধরতে এবং গ্রামীণ সংস্কৃতি টিকিয়ে রাখতে দারুণ ভূমিকা রাখবে।
জমকালো এই প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার পরিদর্শক (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১০৯ বার পড়া হয়েছে