শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের পাশে সরকার সব সময় থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তাঁদের অপূরণীয় ক্ষতি পূরণ করা সম্ভব নয়, তবে সীমিত সম্পদের মধ্যেও সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের সদস্যদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই অনুষ্ঠান তাঁদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। যাঁদের আজ দেশের মানুষের মাঝে থাকার কথা ছিল, তাঁদের অনেকেই এখন নেই। তাঁদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্ত হয়েছে।
যাঁরা নিখোঁজ বা অনুপস্থিত রয়েছেন, তাঁদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা কোথায় এবং কী অবস্থায় আছেন, তা একমাত্র আল্লাহই জানেন। তাঁদের জন্য সবার কাছে দোয়া করার আহ্বান জানান তিনি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের বিভিন্ন আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদ ও ক্ষতিগ্রস্তদের যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রী বলেন, বাস্তবতার কারণে অনেক সময় দ্রুত সবকিছু করা সম্ভব হয় না। তবে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বড় অর্জনের জন্য যাঁরা বড় ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের অনেকেই আজ নেই। যাঁরা বেঁচে আছেন, তাঁরা দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ দিয়ে কাজ করবে।
শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের আত্মত্যাগকে সরকারের কাজের অন্যতম প্রেরণা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব পরিবারের ত্যাগ, সমর্থন ও সহযোগিতার কারণেই সরকার পূর্ণোদ্যমে কাজ করার সাহস পাচ্ছে। তাঁদের শক্তি ও উৎসাহের মূল উৎস হিসেবেও উল্লেখ করেন তিনি।
শহীদ পরিবারের সদস্যদের সরকারের কাজে সহযোগিতা ও সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, তাঁদের সহযোগিতা ও উৎসাহ পেলে শহীদসহ সব আত্মত্যাগী গণতান্ত্রিক যোদ্ধার দেশ ও জাতিকে নিয়ে যে প্রত্যাশা ছিল, তা পূরণে সরকার আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।
অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য দেন। এ সময় তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
১০৭ বার পড়া হয়েছে