চারঘাটে হেরোইন ও মোটরসাইকেলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর চারঘাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৬০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে চারঘাট থানার শিশাতলা এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—রাজশাহীর গোদাগাড়ী থানার সিএন্ডবি মোড় এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ তরিকুল ইসলাম ওরফে বিশাল (২৪) এবং একই থানার আচুয়াভাটা গ্রামের মোঃ তসলিম আলীর ছেলে মোঃ ইমন হোসেন (২১)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মোঃ স্বপন হোসেনের নেতৃত্বে ডিবির একটি বিশেষ দল চারঘাট থানা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শিশাতলা তেল পাম্পের পেছনে সুপার ইটভাটার সামনের সড়কে দুই ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছেন।
খবর পেয়ে ডিবি পুলিশের দলটি ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করেন। সে সময় ধাওয়া করে পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ইমন হোসেনের প্যান্টের পকেট থেকে দুটি পলিথিনে মোড়ানো ৬০ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।
১৮৯ বার পড়া হয়েছে