মুন্সীগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার চিহ্নিত চোর স্বপন: নেশার টাকা জোগাতে করতেন কলা চুরি
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরির উপদ্রব ও মাদক বিস্তারের অভিযোগে স্বপন (৪০) নামের এক চিহ্নিত চোরকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবাসহ চুরি যাওয়া বেশ কিছু কলার ছড়া উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত স্বপনের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীনগর থানাধীন শিবরামপুর ও খাররা এলাকায় বেশ কিছুদিন ধরে মাদক সেবন এবং বিভিন্ন চুরির ঘটনা ঘটছিল। এই পরিস্থিতিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি দল গঠন করে বিশেষ অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, রেজাউল কাজি এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহাবুর রহমানের নেতৃত্বে এই যৌথ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে শিবরামপুর এলাকার একটি স্থান থেকে স্বপনকে আটক করতে সক্ষম হন ডিবি কর্মকর্তারা। তল্লাশি করে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, নিজের মাদকের অর্থ সংগ্রহের জন্য সে এলাকায় কলার বাগান ও অন্যান্য কৃষিজাত পণ্য চুরি করত।
জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে পুলিশ শিবরামপুর ও খাররা এলাকার নিকটবর্তী একটি বিলের কর্দমাক্ত স্থান থেকে গোপনে লুকিয়ে রাখা পাঁচটি বড় কলার ছড়া উদ্ধার করে। এছাড়া অভিযুক্ত ব্যক্তি স্থানীয় পুকুর থেকে মাছ এবং বিভিন্ন বাগান থেকে পেঁপে ও অন্যান্য ফল চুরি করার কথাও স্বীকার করেছে। গ্রেফতারকৃত স্বপনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছে।
১৪১ বার পড়া হয়েছে