সিরাজগঞ্জে বাসদের মানববন্ধনে অতর্কিত হামলা, আহত ৬
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ২:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জে সার ও বিদ্যুৎ সংকট নিরসনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে আয়োজিত বাসদের মানববন্ধনে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে সংঘটিত এই হামলায় জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকারসহ অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মানববন্ধনে একদল দুর্বৃত্ত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, দেশের চলমান সার ও বিদ্যুৎ সংকট দূর করা এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজারে এক মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বিকেলে কর্মসূচি শুরু হয়ে বক্তব্য চলাকালীন সময়ে হঠাৎ ৪০ থেকে ৫০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালায়।
হামলাকারীরা কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেলে এবং উপস্থিত নেতাকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, স্থানীয় নেতা আব্দুল আজিজ, পলাশ কুমার ঘোষ, ইব্রাহিম ও শফিকুল ইসলাম শফিসহ ছয়জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাসদের জেলা আহ্বায়ক নব কুমার কর্মকার অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা চালিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে। হামলার সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি ছিল বলেও দাবি করেন তিনি। তবে পুলিশের সামনেই এমন ন্যক্কারজনক হামলা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে হামলার বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু বক্কার মাতব্বর জানান, বাসদ পিপুলবাড়িয়া বাজারে মানববন্ধনের আয়োজন করতে চেয়েছিল। তবে স্থানীয় বাসিন্দাদের বাধায় তারা কর্মসূচিটি সম্পন্ন করতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।
১৫৭ বার পড়া হয়েছে