মোবাইল চুরির দায়ে শিশুকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর দুর্গাপুরে মোবাইল ফোন ও টাকা চুরির অপবাদে রিয়াজুল ইসলাম রিফাত নামের ১৪ বছর বয়সী এক শিশুকে গাছে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পানানগর ইউনিয়নের মহিপাড়া গ্রামে গত শুক্রবার সকাল ১০টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার রিয়াজুল খাসখামার গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং সে নানাবাড়িতে থেকে আসছিল। ঘটনার পর ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তোলপাড় শুরু হয়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি আমগাছের সঙ্গে রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে ওই কিশোরকে। কয়েকজন তাকে মোবাইল চুরির বিষয়ে জেরা করছে এবং প্রচণ্ড ভয়ভীতি দেখাচ্ছে। একপর্যায়ে শিশুটির নখ কেটে দেওয়ার হুমকিও দেওয়া হয়, যা দেখে উপস্থিত দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
কিশোরটির বাবা আনোয়ার হোসেন অভিযোগ করে জানান, সকালে বাবু হোসেনসহ কয়েকজন তার ছেলেকে ডেকে নিয়ে যায় এবং গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর করে। এমনকি তৃষ্ণার্ত শিশুটি পানি চাইলেও তাকে দেওয়া হয়নি। পরে চুরির বানোয়াট স্বীকারোক্তি নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে ঘটনার অভিযুক্ত বাবু হোসেন পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বিষয়টি এখনো তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে খোঁজ নিয়ে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
১২৯ বার পড়া হয়েছে