সর্বশেষ

সারাদেশ

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাশিয়ার আমুর অঞ্চলে নির্মাণাধীন একটি গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে বিস্ফোরণের পর আগুনের ঘটনায় জাকির হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাকির হোসেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রাসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের বাসিন্দা।
জাকির হোসেন

রাশিয়ার আমুর অঞ্চলে নির্মাণাধীন একটি গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত জাকির হোসেন (৩৫) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রাসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত রতন মিয়ার ছেলে।

গত মঙ্গলবার, ২৫ আগস্ট, আমুর অঞ্চলের একটি নির্মাণাধীন গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি জাকিরের সহকর্মীরা। পরে বৃহস্পতিবার, ২৭ আগস্ট সকালে দুর্ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

জাকিরের মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর তাঁর বাড়িতে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বিকেলে বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা স্বজনেরা। জাকিরের একমাত্র কন্যাসন্তানও বাবাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে।

স্বজনেরা জানান, সংসারে সচ্ছলতা ফেরাতে প্রায় দেড় বছর আগে চার ভাইয়ের মধ্যে বড় জাকির হোসেন ধারদেনা করে রাশিয়ায় যান। পরে আমুর অঞ্চলের সিনাফেক্স কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। প্রতি মাসে দেশে পরিবারের কাছে টাকা পাঠিয়ে তিনি বিদেশ যাওয়ার জন্য করা ঋণ পরিশোধ করছিলেন।

সম্প্রতি জাকিরের পদোন্নতির খবরও পরিবার জানতে পারে। এতে পরিবারের সদস্যদের মধ্যে নতুন আশার সৃষ্টি হয়েছিল। এর মধ্যেই বৃহস্পতিবার রাশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত এক নিকট আত্মীয়ের কাছ থেকে তাঁর মৃত্যুর খবর পান স্বজনেরা। ওই আত্মীয় জাকিরের মরদেহের ছবিও পরিবারের সদস্যদের কাছে পাঠান বলে স্বজনেরা জানান।

জাকিরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁর পরিবার ও এলাকাবাসী।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ বলেন, নিহতের পরিবারের সদস্যদের মাধ্যমে খবর পাওয়ার পর তিনি ওই বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি নিহতের পরিবারের পাশে থেকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন