জামালপুরের মাদারগঞ্জে পৃথক স্থান থেকে এক নারীসহ দুজনের মরদেহ উদ্ধার
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পৃথক স্থান থেকে এক নারী ও এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে একটি সেচ পাম্পের ঘর থেকে এক তরুণী এবং বৃহস্পতিবার রাতে একটি দোকান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এই দুই মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় থানা-পুলিশ।
মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ এলাকায় একটি সেচ পাম্পের ঘর থেকে রুপসী আক্তার (২৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রুপসী উপজেলার ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে। শুক্রবার সকালে স্থানীয় এক কৃষক রোপা আমন ক্ষেতে পানি দিতে গিয়ে আব্দুল হান্নানের সেচ পাম্পের ঘরে মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
অন্যদিকে, উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকায় নিজের বন্ধ দোকান থেকে সামিউল ইসলাম ফকির আলী (৪৫) নামের এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় মৃত হরমুজ আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে ওই এলাকায় পুরোনো লোহা ও টিনের ব্যবসা করতেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে খাবার খেয়ে নিজের দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন ফকির আলী। পরদিন বৃহস্পতিবার সারাদিন দোকানটি বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ জাগে। রাতে তার ভাই লিক্সন ও স্থানীয় বাসিন্দারা দোকানের শাটারের নিচ দিয়ে মেঝেতে ফকির আলীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে দোকানের তালা ভেঙে তার লাশ উদ্ধার করে।
১০৭ বার পড়া হয়েছে