সরকারি কার্যক্রম সমন্বয়ে কক্সবাজারের দায়িত্ব পেয়েছেন রাজপুত্র সাচিং
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জেলাভিত্তিক তদারকি, উন্নয়ন কার্যক্রমের সমন্বয় ও সুশাসন নিশ্চিত করতে সরকারের দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে কক্সবাজার জেলার দায়িত্ব পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কক্সবাজার জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম তদারকি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে সরকারি কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন সাচিং প্রু জেরী।
এ দায়িত্বের আওতায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন তিনি। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, টেকসই উন্নয়ন নিশ্চিত করা, দুর্নীতি প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা জোরদার এবং জেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রমে সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের মধ্যে এসব দায়িত্ব বণ্টন করা হয়েছে।
পর্যটননগরী ও সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জেলা হিসেবে কক্সবাজারের বিশেষ গুরুত্ব রয়েছে। মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সমন্বয় বাড়াতে নতুন দায়িত্বে সাচিং প্রু জেরী কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
একই প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলার জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।
১০৯ বার পড়া হয়েছে