কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে আ.লীগ নেতা আহত
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামে পুলিশের গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনহাজুল ইসলাম আইয়ুব। জুলাইয়ের ছাত্র আন্দোলনে শহীদ আশিক হত্যা মামলাসহ দুটি মামলার পরোয়ানাভুক্ত এই আসামিকে আহত অবস্থায় গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বর্তমানে তিনি পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
সদর থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে আইয়ুবের বাড়ি ঘেরাও করে। পুলিশ দরজায় নক করলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি।
একপর্যায়ে পুলিশি তল্লাশির মুখে বাড়ি থেকে পালানোর উদ্দেশ্যে ছাদ দিয়ে নামার চেষ্টা করেন তিনি। এ সময় অসাবধানতাবশত বাড়ির পেছন দিকে থাকা একটি টিনের বেড়ার ওপর পড়ে যান। এতে তাঁর পায়ের আঙুল কেটে যায় এবং একটি হাড় ভেঙে গুরুতর জখম হন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত আইয়ুবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আশিক হত্যা মামলাসহ (জিআর-৩১৯/২৪ এবং জিআর-৩২১/২৪) দুটি মামলার পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ তাঁকে তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাঁকে কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।
১২৩ বার পড়া হয়েছে