দেশে খুন-ধর্ষণ ও মব সহিংসতা কমেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম আট মাসের তুলনায় ২০২৬ সালের একই সময়ে খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা কমেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নায় আবেদীনের প্রশ্নের লিখিত ও মৌখিক জবাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাউদ্দিন আহমদ বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ের তুলনায় চলতি বছরের একই সময়ে দেশের প্রধান অপরাধের সংখ্যা কমেছে।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম আট মাসে সারাদেশে খুনের ঘটনা ছিল ২ হাজার ৬০৭টি। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩২টিতে। অর্থাৎ খুনের ঘটনা কমেছে ২৭৫টি।
নারী ও শিশু নির্যাতনের ঘটনাও কমেছে। গত বছরের প্রথম আট মাসে এ ধরনের ঘটনা ছিল ১১ হাজার ২৬৯টি। চলতি বছরের একই সময়ে তা কমে হয়েছে ৯ হাজার ৩৪৭টি।
ধর্ষণের ঘটনাও কিছুটা কমেছে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রথম আট মাসে ধর্ষণের ঘটনা ছিল ৪ হাজার ৬৬৬টি। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪০২টিতে।
মব সহিংসতার ঘটনাও কমেছে। ২০২৫ সালের একই সময়ে মব সহিংসতার ঘটনা ছিল ৮৯টি। চলতি বছরের প্রথম আট মাসে তা কমে হয়েছে ৫৬টি। এসব ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও সহিংসতার ঘটনাও কমেছে বলে দাবি করেন তিনি। ২০২৫ সালের প্রথম আট মাসে এ ধরনের ঘটনা ৯৯৯টি থাকলেও চলতি বছরের একই সময়ে তা কমে ১৬৩টিতে দাঁড়িয়েছে।
সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় জলদস্যু ও বনদস্যু দমনে সরকারের নেওয়া পদক্ষেপের কথাও সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের সংসদ সদস্য ও মন্ত্রীদের অনুরোধে ‘অপারেশন রিস্টোর পিস’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
কোস্টগার্ডের নেতৃত্বে র্যাব ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার এবং বহু জলদস্যু ও বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একপর্যায়ে দস্যুদের অস্ত্র সমর্পণ ও ক্ষমা প্রদর্শনের সুযোগ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে ইতিবাচক ফল পাওয়া গেলেও আত্মসমর্পণকারী কিছু অপরাধীর কয়েক বছর পর আবার দস্যুতায় ফিরে যাওয়ার প্রবণতা দেখা গেছে।
এ কারণে অপরাধীদের পুনরায় অপরাধে জড়ানো ঠেকাতে কঠোর নজরদারি এবং কার্যকর আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে বলে জানান সালাউদ্দিন আহমদ।
সংসদ সদস্যদের নির্দিষ্ট নোটিশ ও অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত নথিপত্র সংসদে উপস্থাপনের প্রস্তুতি সরকারের রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
১১৭ বার পড়া হয়েছে