ফেনীতে পরকীয়ার অপবাদে খুঁটির সাথে বেঁধে মধ্যযুগীয় নির্যাতন
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ১১:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ফেনীর সোনাগাজীতে কথিত পরকীয়ার অপবাদ দিয়ে এক নারী ও পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত আটকে রেখে শারীরিক নির্যাতনের পর পুলিশ তাঁদের উদ্ধার করে। বর্বর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাগাজী পৌরসভার পূর্ব চরগণেশ এলাকার বাসিন্দা চার সন্তানের জননী ওই নারীর বাড়িতে যান তাঁর দূরসম্পর্কীয় আত্মীয় দুই সন্তানের জনক এক ব্যক্তি। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন তাঁদের আপত্তিকর অবস্থায় পাওয়ার দাবি করে অবরুদ্ধ করেন।
এরপর উত্তেজিত জনতা দুজনকে টেনে-হিঁচড়ে ঘর থেকে বের করে এনে বাড়ির পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাতভর নির্যাতন চালায়। বর্বর এই নির্যাতন চলে মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত। শুধু মারধরই নয়, স্থানীয় প্রভাবশালীরা ওই নারীকে তাঁর স্বামীর সংসার ভেঙে দেওয়ার জন্য জোরপূর্বক তালাকের ফরমানও জারি করে বলে অভিযোগ উঠেছে।
দীর্ঘ সময় নির্যাতনের পর খবর পেয়ে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে হেফাজতে নেয়। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
১০৯ বার পড়া হয়েছে