সৌদিতে নিহত নওগাঁর ৭ প্রবাসীর মরদেহ ফিরছে বৃহস্পতিবার
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ১১:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার ৭ প্রবাসী শ্রমিকের মরদেহ অবশেষে দেশে ফিরছে। আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) একটি বিশেষ ফ্লাইটে তাঁদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে রিয়াদের বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারান। এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে ৯ জনের পরিচয় শনাক্ত করেছে সৌদি কর্তৃপক্ষ। সমস্ত আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে তাঁদের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ নম্বর ফ্লাইটযোগে মরদেহগুলো বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। শনাক্ত হওয়া মৃত ব্যক্তিদের মধ্যে ৭ জনই নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
নিহত আত্রাই উপজেলার প্রবাসীরা হলেন—উদনপৈ গ্রামের ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামানিক, একই গ্রামের মোহন আলী ও সুমন আলী, বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং মার্কাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার। স্বজনদের হারিয়ে পরিবারগুলোতে এখন শুধুই কান্নার রোল।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান জানিয়েছেন, স্থানীয় প্রশাসন নিহতের পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। মরদেহগুলো বিমানবন্দর থেকে সম্পূর্ণ বিনামূল্যে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে সরকারি উদ্যোগে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা প্রশাসন আরও জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
১২৮ বার পড়া হয়েছে