চাকরি স্থায়ীকরণের দাবিতে ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের কর্মবিরতি
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৩:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ (ওজোপাডিকো)-এর ২১ জেলার অস্থায়ী লাইন সাহায্যকারী শ্রমিকরা চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে অভিজ্ঞতার ভিত্তিতে রাজস্ব খাতে স্থানান্তরের এক দফা দাবিতে তারা এই আন্দোলন করছেন। ফরিদপুরসহ বিভিন্ন সার্কেলে মঙ্গলবার এই কর্মসূচি একযোগে পালিত হয়।
ফরিদপুর সার্কেলের আওতাধীন গোয়ালচামট এলাকায় মঙ্গলবার সকালে এ কর্মসূচিতে অংশ নেন ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগের অস্থায়ী লাইন সাহায্যকারী শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা বিদ্যুৎ বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কাজগুলো করে আসছেন। কিন্তু তাদের শ্রম ও অভিজ্ঞতাকে অবহেলা করে এখনো কোনো স্থায়ী নিয়োগ দেওয়া হয়নি।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অন্যের বাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ চালু করতে গিয়ে তারা দিন-রাত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। অথচ মাসের পর মাস পেরিয়ে গেলেও তাদের নিজেদের জীবন ও পরিবার আজ চরম অনিশ্চয়তা ও অন্ধকারের মধ্যে অতিবাহিত হচ্ছে। দীর্ঘদিনের অভিজ্ঞতার মূল্যায়ন চান তারা।
তারা আরও জানান, এই দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতাকে বিশেষভাবে মূল্যায়ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করা। অবিলম্বে তাদের রাজস্ব খাতে চাকরি স্থায়ী করে এক দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানান শ্রমিক নেতারা।
ফরিদপুরের সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রমিক নেতা ইমামুল ইসলাম রকি, মোঃ ফারুকুর রহমান, আব্দুল বারেক মোল্লা, নিজাম হোসেন, মোহাম্মদ আদেল শেখ এবং মোঃ মেজবাহ। দাবি আদায়ে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
১০৫ বার পড়া হয়েছে