সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় অবুঝ শিশু মহিমার চোখে শুধুই মা-বাবার জন্য অপেক্ষা

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতে চিকিৎসার্থে গিয়ে কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের চার সদস্য। এই মর্মান্তিক দুর্ঘটনায় মা-বাবা ও ভাইকে হারিয়ে কুষ্টিয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে তাদের সাত বছরের অবুঝ কন্যাসন্তান মহিমা দত্ত। মা-বাবার ফেরার অপেক্ষায় প্রহর গুনতে থাকা এই এতিম শিশুটির ভবিষ্যৎ এখন পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন।

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার একটি ভাড়া বাসায় এখন কেবলই কান্নার রোল আর স্বজনদের দীর্ঘশ্বাস। ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ঘটে যাওয়া ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন 'আজকের পত্রিকা' ও 'চ্যানেল নাইন'-এর কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত। তাঁর সঙ্গে মারা গেছেন স্ত্রী আফসানা শিম্মীন, ছোট ছেলে শর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম আলী।

এই মর্মান্তিক ট্র্যাজেডিতে পরিবারটির একমাত্র বেঁচে যাওয়া সদস্য সাত বছর বয়সী শিশু মহিমা দত্ত। সে এখনও জানে না যে তার আদরের মা-বাবা আর কোনোদিন ফিরে আসবেন না। কুষ্টিয়ার ভাড়া বাসায় বসে অবুঝ এই শিশুটি এখনও পথ চেয়ে বসে আছে তার বাবার জন্য, যিনি কলকাতা থেকে ফেরার সময় তার জন্য নতুন জামা ও চকলেট আনার কথা দিয়েছিলেন।

নিহত দেবাশীষ দত্ত ছিলেন কুষ্টিয়া থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক 'আজকের আলো' পত্রিকার নির্বাহী সম্পাদক। তাঁর কর্মস্থল কুষ্টিয়ার ছোট অফিসটিতে এখনও পড়ে আছে তাঁর ব্যবহৃত ডায়েরি, কলম আর পুরোনো পত্রিকার স্তূপ। মানুষের সুখ-দুঃখের খবর যিনি প্রতিনিয়ত তুলে ধরতেন, নিয়তির নিষ্ঠুর পরিহাসে আজ তিনি ও তাঁর পরিবার নিজেই খবরের শিরোনামে পরিণত হলেন।

স্বজনরা জানিয়েছেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন দেবাশীষ। স্ত্রীর চিকিৎসার বড় অংকের খরচ মেটাতে গিয়ে তাঁর সব সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল। নিজেদের কোনো জমি বা বাড়ি না থাকায় এখন বৃদ্ধ দাদা-দাদির হাত ধরে সম্পূর্ণ ভূমিহীন ও সহায় সম্বলহীন অবস্থায় দিন কাটছে ছোট্ট মহিমার।

সাংবাদিক দেবাশীষের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে কুষ্টিয়ার গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মহিমার লালন-পালন ও শিক্ষার দায়িত্ব নেওয়ার জন্য দেশের বিত্তবান শ্রেণীসহ সরকারের কাছে ব্যাকুল আবেদন জানিয়েছেন নিহতের স্বজন ও সহকর্মীরা।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন